নিজস্ব সংবাদদাতা, মুরারই:
টানা ভারী বৃষ্টির জেরে মুরারই-১ ব্লকের মুরারই গ্রাম পঞ্চায়েতের ঘুষকুড়া বেসিক প্রাথমিক বিদ্যালয় এবং পালসা গ্রাম পঞ্চায়েতের পঞ্চগাছিয়া প্রাথমিক বিদ্যালয় জল জমে সমস্যার মুখে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার বিদ্যালয় দুটি পরিদর্শন করেন মুরারই-১ ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, শিক্ষা কর্মাধ্যক্ষ দোস্ত মোহাম্মদ, সংশ্লিষ্ট ব্লক ইঞ্জিনিয়াররা এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনের সময় বিদ্যালয় চত্বরের জলাবদ্ধতা, পড়ুয়াদের যাতায়াতের অসুবিধা এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্টোন চিপস দিয়ে অস্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয়েছে, যাতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা যায়। তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য পিডব্লিউডি (PWD) দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

বিডিও জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণেই জল নিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ব্লক প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই তৎপরতায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
