মুরারই-১ ব্লকে পঞ্চ সম্মেলন, VB-GRAM-G প্রকল্পের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নে জোর

Share this page

নিজস্ব সংবাদদাতা, মুরারই:

বীরভূম জেলার মুরারই-১ ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ব্লক সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ পঞ্চ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিও এইচ. এম. রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, সহ-সভাপতি আফতাব আহমেদ, পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষগণ, ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান, সহায়ক সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক।

সভার মূল আলোচ্য বিষয় ছিল নবপ্রবর্তিত VB-GRAM-G (বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন) প্রকল্পের কার্যকর বাস্তবায়ন। এই প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন পদ্ধতি এবং গ্রাম পঞ্চায়েতগুলির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পটি দ্রুত, স্বচ্ছ ও সময়মতো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশও প্রদান করা হয়।

সভায় জানানো হয়, VB-GRAM-G প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় বছরে ১২৫ দিনের নিশ্চিত মজুরিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, টেকসই সম্পদ গঠন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। এছাড়াও জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, জীবিকাভিত্তিক পরিকাঠামো নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থায়ী সম্পদ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এদিনের সম্মেলনে VGPP (Viksit Gram Panchayat Plan) প্রণয়ন, জিআইএস-ভিত্তিক পরিকল্পনা গ্রহণ, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, শতভাগ e-KYC সম্পন্ন করা, সময়মতো কর্মসংস্থান নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সমন্বিত ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।

বিডিও এইচ. এম. রিয়াজুল হক সংশ্লিষ্ট সকল আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রকল্পের প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবিকার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্মেলনের শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকরা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *