মুরারই–১ ব্লকে অঙ্গনওয়াড়ী পরিষেবায় নতুন উদ্যোগ, চালু QR কোড-ভিত্তিক তথ্যব্যবস্থা

Share this page

মুরারই, ১৭ আগস্ট: অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে দ্রুত ও সহজে তথ্য পৌঁছে দিতে মুরারই–১ ব্লকে চালু হল QR কোড-ভিত্তিক পাবলিক ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম।

গত ১৫ আগস্ট বালিয়া মধ্যপাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এই অভিনব ব্যবস্থার সূচনা করেন মুরারই–১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক। মুরারই–১ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিক সঞ্জীব মন্ডলের উদ্যোগে এই পাইলট প্রকল্পের সূচনা হয়।

বীরভূম জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে মুরারই–১ ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ী কেন্দ্রে পর্যায়ক্রমে এই QR কোড ডিসপ্লে করা হবে। QR কোড স্ক্যান করলেই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পরিষেবা, দৈনন্দিন খাদ্যতালিকা, কেন্দ্র বন্ধ থাকার নির্ধারিত দিন, পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর ফোন নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। পাশাপাশি নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের বিভিন্ন IEC সামগ্রীও ডাউনলোড করা যাবে।

এই ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নতুন তথ্য আপলোড করা হলে একই QR কোড স্ক্যান করেই সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে সেই তথ্য দেখতে পারবেন। ফলে অঙ্গনওয়াড়ী পরিষেবায় আরও স্বচ্ছতা, তথ্যের সহজলভ্যতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত হবে বলে প্রশাসনের আশা।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য হল অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং যোগ্য উপভোক্তারা যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *