মুরারই-১ ব্লকের উদ্যোগে ‘হর ঘর তেরঙ্গা’ র‍্যালি

Share this page

নিজস্ব সংবাদদাতা, মুরারই: ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে মুরারই-১ ব্লকের উদ্যোগে বুধবার মুরারই বাজারে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। গৌরাঙ্গিনী গার্লস স্কুলের ছাত্রী এবং মুরারই কলেজের NCC টিমের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে র‍্যালিটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে।

জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা দেশাত্মবোধক স্লোগান ও গান পরিবেশন করেন। মুরারই বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে র‍্যালিটি সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান, দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা পৌঁছে দেয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মুরারই-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, মুরারই-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, PDO বিকাশ চক্রবর্তী, BYO রঞ্জিত বর্মন-সহ বিডিও অফিসের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। তাঁরা সকলেই ছাত্র-ছাত্রীদের সঙ্গে পায়ে হেঁটে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

গৌরাঙ্গিনী গার্লস স্কুলের ছাত্রী এবং মুরারই কলেজের NCC দলের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল। সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা কর্মসূচি উৎসবের আবহ তৈরি করে।

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসকে স্মরণ, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা আরও জাগ্রত করার বার্তা দেওয়া হয়। মুরারই বাজারের এই র‍্যালি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *