উলুবেড়িয়া, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের ‘পথশ্রী–৪’ প্রকল্পের আওতায় উলুবেড়িয়া–১ উন্নয়ন ব্লকে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে। গ্রামীণ ও শহরতলির সংযোগব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কংক্রিট রাস্তা, ব্রিক শিট রাস্তা এবং পাইলিং সহ আধুনিক মানের রাস্তা নির্মাণ করা হচ্ছে।

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, চন্ডিপুর, ধুলাসিমলা এবং হাট গাছা–২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। চাঁদিপুরে অজিত মণ্ডলের বাড়ি থেকে অশোক দে্নে পর্যন্ত প্রায় ০.৬৬৭ কিলোমিটার কংক্রিট রাস্তা নির্মাণের কাজ চলছে। ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতে একাধিক রাস্তার কাজ যেমন কাশিপুরে ব্রিন্দাবন মণ্ডলের বাড়ি থেকে ঠাকুরদাস মণ্ডলের বাড়ি পর্যন্ত (০.৮৩৫ কিমি), অসিত কায়ালের বাড়ি থেকে অধীর কায়ালের বাড়ি পর্যন্ত (০.৯২৩ কিমি) এবং মিরপাড়া এলাকায় বিভিন্ন সংযোগ রাস্তার নির্মাণ (০.৩০ কিমি) ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এছাড়াও হাতগাছা–২ এলাকায় অশোক হালদারের বাড়ি থেকে বিমল দাসের বাড়ি পর্যন্ত প্রায় ০.৯৬৩ কিলোমিটার রাস্তার কাজ নেওয়া হয়েছে।

এই সব মিলিয়ে কয়েক কিলোমিটার নতুন ও সংস্কারিত রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে প্রশাসনের আশা। বিদ্যালয়গামী ছাত্রছাত্রী, কৃষক ও স্থানীয় ব্যবসায়ীদের জন্য এই রাস্তা বিশেষভাবে উপযোগী হবে।
রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মাননীয় মন্ত্রী পুলক রায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামবাংলার রাস্তাঘাটে দৃশ্যমান পরিবর্তন আসছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হচ্ছে।”

উলুবেড়িয়া–১ পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, “এই প্রকল্পের ফলে ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিও মূল সড়কের সঙ্গে যুক্ত হচ্ছে, যা সামগ্রিক উন্নয়নের পথকে সুগম করবে।”

উলুবেড়িয়া–১ ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক জানান, “পথশ্রী–৪ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য ব্লক প্রশাসন তৎপর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজগুলি দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ‘বাংলার মাটি, বাংলার পথ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে উলুবেড়িয়া–১ ব্লক জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
